রাজধানীর মিরপুরে মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নিয়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, হিংসা-বিদ্বেষ পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হবে, তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
নামাজ শেষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।
