সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিকার না পাওয়া এবং বিকল্প প্রস্তাব এনে মূল বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার বিকেলে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। এরপর তার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
গত মঙ্গলবার সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান সংক্রান্ত একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও সেখানে সরকারি দল একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। বিরোধী দল এই প্রস্তাবে একমত না হয়ে সরাসরি পরিষদের সভা ডাকার দাবি জানায়। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইলে তিনি জানান, আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় হওয়ায় সরাসরি কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার সুযোগ নেই।
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বিষয়টি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং ৭০ ভাগ মানুষের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়ের সাথে সম্পর্কিত। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সব দল একমত হলেও এখন জনগণের রায়ের অবমূল্যায়ন করা হচ্ছে। এই অবমূল্যায়ন মেনে নেওয়া সম্ভব নয় বলেই তারা প্রতিবাদস্বরূপ সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, আরেকটি মুলতবি প্রস্তাবের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ রয়েছে। তবে বিরোধী দলীয় নেতা পাল্টা যুক্তি দিয়ে বলেন, মূল প্রস্তাবটি চাপা দেওয়ার উদ্দেশ্যেই নতুন নোটিশ আনা হয়েছে। সংসদীয় রীতি অনুযায়ী স্পিকার ওয়াকআউট করার অধিকারের কথা স্বীকার করলে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
