যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
পোস্টে তিনি জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, তার এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে তার পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন
