বরিশালের বানারীপাড়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে নাছির উদ্দিন মিলন নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতা জিয়া সরদারের বিরুদ্ধে। রোববার রাত ৮টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ‘নাহার মেডিকেল হল’-এ এই হামলার ঘটনা ঘটে। আহত চিকিৎসক বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী চিকিৎসকের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় শ্রমিক দল নেতা জিয়া সরদার ও তাঁর সহযোগীরা দোকানে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাঁকে বেধড়ক মারধর করে এবং দোকানের ক্যাশ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। মিলন আরও অভিযোগ করেন, গত দুই বছরে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।
ঘটনার বিষয়ে বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম সাজ্জাদ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ভুক্তভোগী তাঁর আত্মীয় হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত জিয়া সরদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে অভিযুক্ত জিয়া সরদার তাঁর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওয়ার্ড বিএনপির এক নেতার ভাতিজা অসুস্থ হয়ে পড়লে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে এখন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে।
বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং আহত ব্যক্তির চিকিৎসার খোঁজ নিয়েছেন। বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোন বন্ধ থাকায় এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







