রাজধানীর একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে প্রধান আসামি মঈন উদ্দিনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এর আদালত এ আদেশ দেন।
অন্য দুই আসামি হলেন— এমবি স্বপন কাজী ও মো. শাওন হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. ছাব্বির আহমেদ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে, অন্যদিকে আসামিপক্ষ জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১১ এপ্রিল অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে মঈন ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে গত ১০ এপ্রিল আসামিরা বাদীর বাসার সামনে গিয়ে টাকা দাবি করে এবং অশোভন আচরণ করে।
পরবর্তীতে ঘটনাকে কেন্দ্র করে ৫০-৬০ জন লোক জড়ো করে হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।
এরই মধ্যে মামলার আরও চার আসামিকে গ্রেফতার করে পৃথকভাবে রিমান্ডে নেওয়া হয়েছে।







