পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত তৃতীয় লিঙ্গের সদস্য মোছা. বিজলী খাতুন। বরাদ্দকৃত জায়গায় থাকা দুটি জরাজীর্ণ ছোট কড়ই গাছ অপসারণ করে দোকান ঘর নির্মাণের প্রস্তুতি নিতেই স্থানীয় একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে বাধা আসার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মেম্বার বিজলী খাতুনের দাবি, স্থানীয় প্রভাবশালী হিসেবে পরিচিত উপজেলা যুবদলের সদস্য সচিব আমিন উদ্দিন সাবেরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাজিবুল হক পান্তু এবং বনওয়ারীনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল হক টিপুসহ একদল ব্যক্তি তার নির্মাণকাজে সরাসরি বাধা প্রদান করেছেন।
বিজলী খাতুন অভিযোগ করেন যে, অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এবং ঘর নির্মাণের চেষ্টা করায় তাঁকে নানাভাবে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এর ফলে একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
নিজের বৈধভাবে পাওয়া জায়গায় কাজ করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়া এবং চাঁদাবাজির শিকার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী এই জনপ্রতিনিধি এই বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।







