জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, বিএনপির কিছু অতি উৎসাহী সমর্থক তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, তাকে বিব্রত করতে তার ও তার স্ত্রীর মোবাইল নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, তার দেওয়া বক্তব্য ছিল ব্যক্তিগত বা দলীয় অবস্থান থেকে, এর সঙ্গে ১১ দলীয় জোটের কোনো সম্পর্ক নেই। কিন্তু কিছু মহল সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে।
তিনি আরও অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে তার নম্বর ছড়িয়ে দিয়ে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “মৃত্যুর ভয় দেখিয়ে আমাকে রাজনীতি থেকে সরানো যাবে না। আল্লাহ যেদিন মৃত্যু নির্ধারণ করেছেন, তার এক সেকেন্ড আগেও বা পরেও তা হবে না।”
রাশেদ প্রধান বলেন, তার স্ত্রী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও তাকেও হেনস্তা করা হচ্ছে, যা নৈতিকতার অবক্ষয় নির্দেশ করে।
তিনি আরও অভিযোগ করেন, তার পরিবারের সদস্যদের নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তার দাদা ও বাবাকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, একজন বীর মুক্তিযোদ্ধাকে ‘রাজাকার’ বলা নিন্দনীয় ও ইতিহাস বিকৃতির শামিল।
বিএনপি সমর্থকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, কোনো অভিযোগ তোলার আগে প্রকৃত তথ্য যাচাই করার জন্য।
সংবাদ সম্মেলনে জাগপার সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
