ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ার আশঙ্কা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, যুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ অস্ত্রভাণ্ডারের একটি বড় অংশ ব্যবহৃত হয়েছে।
Center for Strategic and International Studies-সহ বিভিন্ন সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের Precision Strike Missile-এর প্রায় ৪৫ শতাংশ, THAAD প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৫০ শতাংশ এবং Patriot প্রতিরক্ষা মিসাইলের প্রায় অর্ধেক ব্যবহার হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া টমাহোকসহ দূরপাল্লার অন্যান্য ক্ষেপণাস্ত্রের মজুদ ২০ থেকে ৩০ শতাংশ কমে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে চীনের মতো বড় শক্তির সঙ্গে নতুন কোনো সংঘাত শুরু হলে চাপ আরও বাড়তে পারে।
তারা আরও বলেন, বর্তমান মজুদ বড় আকারের যুদ্ধের জন্য পর্যাপ্ত নাও হতে পারে। উৎপাদন প্রক্রিয়া ধীরগতির হওয়ায় এই ঘাটতি পূরণ করতে ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
