গণভোটের রায় বাস্তবায়নে সংসদে সমাধান না হলে জনগণই রাজপথে এর চূড়ান্ত ফয়সালা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। শুক্রবার (১ মে) দুপুরে রংপুর মডেল কলেজে আয়োজিত রুকন সদস্যদের এক শিক্ষা শিবিরের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, ছাত্র-জনতার ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।
এ টি এম আজহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, দেড় হাজারের বেশি ছাত্র-যুবকের আত্মদানের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তা মূলত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে তিনি নিজে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন এবং জেল থেকে মুক্তি পেয়ে জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য সংসদের ভেতরে ও বাইরে সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে।
সংবিধান সংশোধন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ সদস্যের একটি কমিটি গঠনের কথা বলেছেন। সেখানে সরকারের পক্ষ থেকে ১২ জন সদস্য দেওয়া হয়েছে এবং বাকি ৫টি নামের প্রস্তাব জামায়াতের কাছে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় ও সংসদীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তবে বিএনপি সংসদে গিয়ে বেশ কিছু মৌলিক অধ্যাদেশ বাতিল করায় জামায়াত তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াক আউট করেছে বলেও তিনি জানান।
মুক্তিযুদ্ধ ও জাতীয় ঐক্যের রাজনীতি প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ হলেও বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরে। জামায়াতেও অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। অথচ বিএনপি ঐক্যের কথা বলে বিভেদের রাজনীতি করছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকার প্রশংসা করলেও বর্তমান বিএনপিকে ভুলের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা হলে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জনগণের এই রায়কে উপেক্ষা করে ক্ষমতা বা গায়ের জোরে সবকিছু করতে চাইলে তা সফল হবে না। এ সময় জামায়াতের রংপুর মহানগর ও জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







