ফ্রান্সের বোর্দো বন্দরে নোঙর করা যুক্তরাজ্যের একটি বিলাসবহুল প্রমোদতরীর ১ হাজার ৭০০ যাত্রী ও ক্রু অবরুদ্ধ হয়ে পড়েছেন। ‘অ্যাম্বিশন’ নামের এই জাহাজে নোরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এক যাত্রীর মৃত্যুর খবরে ফরাসি কর্তৃপক্ষ জাহাজটি অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। অ্যাম্বাসেডর ক্রুজ লাইন পরিচালিত এই জাহাজটি মঙ্গলবার বোর্দো বন্দরে পৌঁছায়।
জাহাজটিতে থাকা ১ হাজার ২৩৩ জন যাত্রীর মধ্যে ৯০ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, মৃত ব্যক্তি ছাড়াও আরও প্রায় ৫০ জনের শরীরে নোরোভাইরাসের উপসর্গ দেখা গেছে। আক্রান্ত ও যাত্রীদের বড় অংশই ব্রিটেন এবং আয়ারল্যান্ডের নাগরিক। গত ৬ মে শেটল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে যাত্রা শুরু করা জাহাজটি স্পেনের দিকে যাওয়ার কথা ছিল।
নোরোভাইরাস মূলত একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস, যা পাকস্থলী ও অন্ত্রে সংক্রমণ ঘটায়। এর ফলে বমি, ডায়রিয়া ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দেয়। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি মূলত দূষিত খাবার, পানি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছড়ায়। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৬৮ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রুজ জাহাজে নোরোভাইরাসের ধারাবাহিক সংক্রমণের খবর নতুন করে বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে। প্রতি বছর এই ভাইরাসে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়, যার বড় অংশই নিম্ন আয়ের দেশগুলোতে। বর্তমানে ফরাসি স্বাস্থ্য কর্মকর্তারা জাহাজটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংক্রামক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।







