টাঙ্গাইলের গোপালপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল উদ্দিন ওরফে রাবনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করেছেন উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহম্মেদ। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আদালতে মামলা করার পর আসামিদের হুমকির মুখে বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি গোপালপুর সদরের একটি বিউটি পারলারে ওই তরুণীকে ডেকে নেন পারলারের মালিক। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন যুবদল নেতা দুলাল ও ছাত্রদল নেতা রোমান। পারলার মালিক কক্ষ থেকে বের হয়ে দরজা বন্ধ করে দিলে দুলাল ছুরি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন এবং রোমান সেই দৃশ্যের ভিডিও ও নগ্ন ছবি ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ১ এপ্রিল রাতে ভিডিও মুছে দেওয়ার কথা বলে ওই তরুণীকে একটি পুকুরপাড়ে ডেকে নিয়ে দুলাল পুনরায় ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর মানসিক বিপর্যস্ত হয়ে তরুণী আত্মহত্যার চেষ্টা করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও আসামিরা গিয়ে মামলা না করার জন্য তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে তরুণী দাবি করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৩ এপ্রিল থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরে ১৩ এপ্রিল তিনি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে ১৫ এপ্রিল গোপালপুর থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। তবে মামলা হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ তুলেছেন ওই তরুণী।
গোপালপুর থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এদিকে টাঙ্গাইল জেলা ছাত্রদল জানিয়েছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে গোপালপুর উপজেলা শাখা ছাত্রদলের কমিটি আগে থেকেই স্থগিত রাখা হয়েছে। বর্তমানে আসামিরা পলাতক থাকায় তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।







