ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটিতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফকে মেয়র প্রার্থী করা হয়েছে।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং সেটিকে পুরোপুরি স্বচ্ছ বলা যায় না। তাই আসন্ন স্থানীয় নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে।
চরমোনাই পীর আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে অংশ নেবে।
অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
