পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান মাস্টারের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি সন্ত্রাসী বাহিনী এই হামলার সঙ্গে জড়িত। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করা হলে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় জিল্লুর রহমান মাস্টারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার পরনের পুরো জামা রক্তে ভিজে যায়। হামলার পর তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তার ওপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন বলে জানা গেছে।
এই হামলার ঘটনার পর থেকে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলের স্থানীয় নেতারা।







