পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর রাজ্যের ৬০১টি অনিবন্ধিত মাদরাসার শিক্ষকদের সরকারি ভাতা বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব মাদরাসায় প্রায় ৮৪ হাজার শিক্ষার্থী এবং প্রায় ৬ হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মাদরাসাগুলো বিভিন্নভাবে সরকারি আর্থিক সহায়তা পেত। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সহায়তা বন্ধ রয়েছে।
ভাতা বন্ধের ঘটনায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সংখ্যালঘু মোর্চার সভাপতি কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে শুভেন্দু অধিকারীর সরকার পশু জবাই সংক্রান্ত নতুন বিধান জারি করার পর পশ্চিমবঙ্গে কোরবানির সময় মুসলমানদের গরু কেনা কমে গেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বহু হিন্দু খামারি। ব্যাংকঋণ নিয়ে গরু পালন করলেও বিক্রি কমে যাওয়ায় তারা আর্থিক সংকটে রয়েছেন। এমনকি কোরবানিতে গরু জবাইয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে কিছু খামারি বিক্ষোভও করেছেন।
এছাড়া রাজ্য সরকার এবার ঈদুল আজহার ছুটি দুই দিনের পরিবর্তে একদিন নির্ধারণ করেছে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ পরিবর্তনের কারণে ছুটির সূচিও সংশোধন করা হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছে। দলটি ২০৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।







