সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া জাগানো অ্যালবিনো জাতের আলোচিত সেই ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (২৭ মে) রাতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নারায়ণগঞ্জের খামার থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ওই বিশেষ মহিষটাকে রাতেই সুরক্ষার সাথে চিড়িয়াখানায় আনা হয়েছে। বিশাল আকৃতির এই মহিষটিকে রাখার জন্য চিড়িয়াখানার ভেতরে একটি নিরাপদ ও সুপরিসর শেডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তার জন্য বিশেষ পুষ্টিকর খাবারের সব ধরনের বন্দোবস্তও করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনন্য চেহারার এই মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের মাঝে অতিরিক্ত কৌতুহল ও জনসমাগম হওয়ায় একপর্যায়ে সম্ভাব্য বড় ধরনের বিশৃঙ্খলা ও জননিরাপত্তার আশঙ্কা তৈরি হয়। এই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সরাসরি হস্তক্ষেপে ঢাকার কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে রেখে চিড়িয়াখানায় লালন-পালন করা হবে।
এই পদক্ষেপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের সার্বিক তত্ত্বাবধানেই মহিষটিকে স্থায়ীভাবে লালন-পালন করা হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এটিকে দেখতে পারেন।
এর আগে গত সোমবার (২৫ মে) বিকেলে মহিষটির নতুন ক্রেতা তাকে বুঝে নিতে খামারে আসলে এক নজিরবিহীন ও রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন দুপুর থেকেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এর মালিকপক্ষ অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ভালোভাবে গোসল করিয়ে বিদায়ের প্রস্তুতি নেয়। পরে মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে, হরেক রকমের কালার স্মোক উড়িয়ে এবং লাল গালিচায় (রেড কার্পেট) হাঁটিয়ে বিদায় জানানো হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
বিদায়ের সেই আবেগঘন মুহূর্তে ফার্মের মালিকপক্ষ ও উপস্থিত সাধারণ লোকজন কান্নায় ভেঙে পড়েন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিয়ে কুরবানি দিতে পেরে চরম উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কেরানীগঞ্জের ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধুরা। বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির গায়ের রঙ, মাথার চুল ও চোখের মণি দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে শখ মেটাতে এর নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে সর্বমোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।







