কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের নিহত হওয়ার পর থেকে দেশটি একাধিকবার হামলার মুখে পড়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, বিভিন্ন এলাকায় শোনা যাওয়া বিস্ফোরণের শব্দ মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিচালিত অভিযানের ফল।
এদিকে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ওই রাতে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
এর আগে সোমবারও কুয়েত কর্তৃপক্ষ একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করে। পরবর্তীতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে এবং ঘটনাগুলোকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কুয়েতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।
এক্সে প্রকাশিত সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি দ্রুত ধ্বংস করা হয়েছে এবং এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হননি।
