দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার ফেনী ও মেহেরপুরে তিনজন করে, ঝিনাইদহে একজন এবং কুষ্টিয়ায় একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দিনে গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলেসহ দুজন এবং মুক্তাগাছা ও গফরগাঁওয়ে কলেজ শিক্ষকসহ আরও দুজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ৩ জুন চাঁপাইনবাবগঞ্জে দুজন ও জয়পুরহাটে দুজন বজ্রপাতে প্রাণ হারান।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে দেশে নিয়মিত প্রাণহানি ঘটছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গত ঈদুল আজহার ছুটিতে মাত্র ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন, যা সড়ক ব্যবস্থাপনার দুর্বলতারই প্রতিফলন।
জুবায়ের সড়ক দুর্ঘটনার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনার কারণ চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।
তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের পুনর্বাসনের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।







