ইরানের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি জোরদার করছে ইসরাইলি সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম ইসরাইলি আর্মি রেডিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আর্মি রেডিওর সাংবাদিক ডোরন কাদোশ বলেন, ইসরাইলি বাহিনী বৃহৎ পরিসরে রিজার্ভ সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে কয়েকটি রিজার্ভ ব্যাটালিয়নকে শিগগিরই ডাকা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, আজ সকাল থেকেই ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড বড় আকারে রিজার্ভ সেনা সমাবেশ কার্যক্রম শুরু করেছে বলেও উল্লেখ করেন কাদোশ।
সূত্র: আল জাজিরা
