সংসদে ধর্মমন্ত্রীর অনুপস্থিতিতে তার মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করলে সংসদে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সওয়াবের ওয়াস্তে প্রশ্নের জবাব দিলাম।” একই সঙ্গে তিনি রসিকতা করে যোগ করেন, “বিরোধীদল মাঝে মাঝে এভাবে প্রশংসা করলে ভালোই লাগে।”
এর আগে অধিবেশনে বিরোধী দলের নির্বাচনী এলাকায় সরকারদলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন উত্থাপন করেন।
তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারদলীয় নারী এমপিদের বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন প্রকল্প তদারকি এবং জিও (GO) লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা সীমিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে কি না, সে বিষয়ে তিনি জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদে নির্বাচিত নারী সদস্যদের জন্য সংবিধান বা আইনে নির্দিষ্ট কোনো ভৌগোলিক আসন নির্ধারিত নেই। ফলে তাদের দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।
