ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিম টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা, জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেটের কার্যক্রম এবং অভিবাসন-সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রেও ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।







