বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশাল আকৃতির ষাঁড় উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খামারি সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৪ জুন) উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। গ্রেপ্তারের পর আজই তাকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, খামারি সোহাগ মৃধার বিরুদ্ধে এলাকায় একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ওয়ারেন্টের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর ‘কালো মানিক’ নামে ৩৫ মণ ওজনের একটি বিশাল আকৃতির ষাঁড় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়ার ঘোষণা দিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন এই তরুণ খামারি। পরে খামারির পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে খালেদা জিয়ার পক্ষ থেকে গরুটি তাকে ফেরত দেওয়া হয়।
সম্প্রতি আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে আলোচিত সেই ‘কালো মানিক’ ২০ লাখ টাকায় বিক্রি করে আবারও সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন খামারি সোহাগ মৃধা।







