ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবসানে আকস্মিক শান্তি চুক্তি ঘোষণার পর, এই পরিস্থিতিকে নিজেদের বড় ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা বলেছে, এই যুদ্ধের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরমভাবে অপদস্থ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিশেষ বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দাবি করে, অপদস্থ আমেরিকান ও জায়নিস্ট (ইসরায়েলি) শত্রুদের ওপর তেহরান নিজেদের ঐশী ও লৌহদৃঢ় ইচ্ছাশক্তি আরোপ করতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, এই যুদ্ধের ময়দানে ইরানি বাহিনী যে অদম্য প্রতিরোধ ও রণকৌশল দেখিয়েছে, তাতে শত্রুপক্ষের সামনে শেষ পর্যন্ত পরাজয় ও আত্মসমর্পণ মেনে নেওয়া ছাড়া অন্য কোনও বিকল্প পথ খোলা ছিল না।
আঞ্চলিক ভূরাজনীতিতে নিজেদের আধিপত্যের কথা উল্লেখ করে বিবৃতিতে দাবি করা হয়, ইরানি সশস্ত্র বাহিনী মাঠপর্যায়ে শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যমেই প্রতিপক্ষ জোটকে শেষ পর্যন্ত তেহরানের শর্ত ও অবস্থান মেনে নিতে বাধ্য করেছে।







