হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ভোরের আগে নাবাতিয়েহ শহর ও আশপাশের এলাকায় গোলাবর্ষণও করেছে ইসরাইলি বাহিনী।
সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতি চুক্তির তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে চুক্তি কার্যকরের অল্প সময়ের মধ্যেই নতুন হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরপরই সংঘটিত এ হামলা অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।







