ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মদের বোতল হাতে ভিডিও তৈরি করে টিকটকে প্রদর্শনের অভিযোগে নার্গিস আক্তার (২৫) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত নার্গিস আক্তার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রামের মো. শাহজাহানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নার্গিস আক্তার নিয়মিত মদের বোতল হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রকাশ করতেন। শুধু তাই নয়, এসব ভিডিওর মাধ্যমে মদপানে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগ করার জন্য এক ধরনের আহ্বানও জানানো হতো। বিষয়টি একপর্যায়ে পুলিশের সাইবার মনিটরিং টিমের নজরে এলে তদন্ত শুরু হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে নার্গিস মদের বোতল নিয়ে আপত্তিকর টিকটক ভিডিও তৈরি করে সাধারণ মানুষকে মদ কেনা ও সেবনে উৎসাহিত করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ ধরনের সমাজবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
ওসি আরও জানান, ভিডিওগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করে তাঁর সঠিক অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক অবক্ষয় রোধে পুলিশের এ ধরনের সাইবার নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।







