ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে অলি আহমেদ বলেন, “আপনার প্রধান কাজ হচ্ছে, বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে, তাদেরকে খুঁজে বের করা। কারণ তাদের দ্বারা আপনি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে দেশের সার্বিক সংস্কারের বিষয়ে আপনার দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
প্রধানমন্ত্রী চতুর্দিক থেকে শত্রু দ্বারা বেষ্টিত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “চতুর্দিকে শত্রু রেখে আপনি নির্বিঘ্নে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা যারা বাইরে আছি, আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু। কিন্তু যারা আপনার একেবারে পাশে আছেন, তারা হচ্ছেন আপনার আসল এবং সবচেয়ে বিপজ্জনক শত্রু।”
এলডিপি চেয়ারম্যান আরও দাবি করেন, বিদেশি গুপ্তচররা বর্তমান সরকার ও সরকারি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওত পেতে রয়েছে। এই বিদেশি গুপ্তচররা যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে দল ও সরকার থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন তিনি।
দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতির সমালোচনা করে অলি আহমেদ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক নয়, বিভিন্ন জায়গায় প্রকাশ্য চাঁদাবাজি হচ্ছে। অর্থনৈতিক অবস্থাও ভালো নেই এবং বাজারে নতুন কোনো বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। সার্বিক দিক বিবেচনায় আপনি (তারেক রহমান) খুব একটা ভালো অবস্থানে নেই।”







