চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যক্রমে সমন্বয় ও তদারকির দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে।
শুক্রবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের ত্রাণ মজুত এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় ও পরামর্শ প্রদান করবেন।
এ ছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, পর্যাপ্ত ত্রাণ নিশ্চিতকরণ এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করার দায়িত্বও তার ওপর অর্পণ করা হয়েছে। দায়িত্ব পালনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
