মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলির সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে–এর বরাতে এ তথ্য জানা যায়।
আনোয়ার ইব্রাহিম বলেন, “যদি আমরা কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দেওয়া হবে। কারণ মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযোগ প্রমাণিত হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।বর্তমানে ইসরাইলি পাসপোর্টধারীদের জন্য বিশেষ সরকারি অনুমোদন ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ। দেশটি দীর্ঘদিন ধরেই ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং এ নীতিতে অনড় রয়েছে।
এদিকে, জোহরভিত্তিক স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুল–সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে পরিদর্শনের সময় ২৬৬ জন বিদেশির বৈধ অভিবাসন নথি পাওয়া গেছে।
ফরেস্ট সিটি সিঙ্গাপুর সীমান্তসংলগ্ন জোহর উপকূলে কৃত্রিম দ্বীপের ওপর নির্মিত একটি বৃহৎ মিশ্র-ব্যবহারের উন্নয়ন প্রকল্প।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।







