ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দুই যুদ্ধে নিহত সকল শহীদের রক্তের চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, এই প্রতিশোধ কেবল কোনো একক সিদ্ধান্তের বিষয় নয়, বরং এটি এখন গোটা ইরানি জাতির জাতীয় দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট খুনি ও অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মোজতবা খামেনি বলেন, এই জঘন্য অপরাধের পেছনে জড়িতদের শীর্ষ থেকে শুরু করে নিচ পর্যন্ত সবার নামই তাঁদের কাছে সুনির্দিষ্টভাবে জানা আছে। নিজেদের বিছানায় শান্তিতে মৃত্যুর যে আশা অপরাধীরা করছে, তা কখনোই পূরণ হবে না এবং সেই আশা অপূর্ণ রেখেই তাদের কবরে যেতে হবে।
তিনি আরও স্পষ্ট করেন যে, এই প্রতিশোধ নেওয়ার পবিত্র মিশনটি কোনো নির্দিষ্ট কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। তাঁরা দায়িত্বে থাকুন বা না থাকুন, বিশ্বের স্বাধীনতাকামী মানুষেরাই খুব শিগগিরই এই মিশন সফল করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে এবং অপরাধীদের যোগ্য শাস্তি নিশ্চিত করবে।







