সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার ফরিদপুরে র্যাব-১০ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে আতিয়ার দর্জিকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তিনি বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে তদবির, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করে।
অভিযানকালে তার কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।







