রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
এর আগে, ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুলাই র্যাব রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পায়। ওই ঘটনার পর সাহেদ আত্মগোপনে চলে যান। পরে একই বছরের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
