ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স শর্তসাপেক্ষে ফেরত দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক স্মারক চিঠিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালের কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের কার্যক্রম চালুর ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিনটি বিশেষ শর্ত বেঁধে দিয়েছে। প্রথমত, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা সার্বক্ষণিক প্রতিপালন করতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এবং তৃতীয়ত, এসব শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আবারও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
ঘটনার পটভূমিতে জানা যায়, ঈদুল আজহার আগের দিন গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে একে একে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়। অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়াকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। পরবর্তীতে লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে আপিলের আইনি সুযোগ ব্যবহার করে আবেদন জানায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। আবেদনের প্রেক্ষিতে ও বেঁধে দেওয়া শর্তাদি পূরণের প্রতিশ্রুতিতে শেষ পর্যন্ত হাসপাতালটির লাইসেন্স ফেরত দিয়ে তা পুনরায় চালুর সিদ্ধান্ত নিল সরকার।







