আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি, প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরা র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন।
শনিবার বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় অবস্থিত র্যাব-১ সদর দপ্তরের এ গোপন বন্দিশালা তারা পরিদর্শন করেন।
পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা। এছাড়া আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।
