গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে তোরণটির অবশিষ্টাংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এর আগে গত শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার শিশু পার্কের সামনে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ওই রাতেই কে বা কারা প্রথম দফায় তোরণটিতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। এতে তোরণে থাকা কয়েকজন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার ছবি ও পদবীর কিছু অংশ পুড়ে যায়।
পরদিন রোববার গভীর রাতে আবারও তোরণটির বাকি অংশটুকুতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তোরণটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পর পর দুবার আগুন দেওয়ার এই ঘটনাকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের চরম অবমাননা হিসেবে আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, প্রথমবার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। পরবর্তীতে আবার আগুন দেওয়ার বিষয়টি জানার পর কারা এ ঘটনার পেছনে জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।
