রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসংক্রান্ত ছবি প্রদর্শন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ছবিটিতে আপত্তি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ছাত্রদলের সহ-সভাপতি আশিক মাথায় গুরুতর আঘাত পান এবং ছাত্রশিবির কর্মী মেহেদী পিঠে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত উভয়কে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ঘটনার প্রতিবাদে শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন।
ঘটনার বিষয়ে ছাত্রশিবিরের দাবি, প্রদর্শনীতে কোনো ছবি নিয়ে দ্বিমত থাকলে তা প্রশাসনের মাধ্যমে সমাধান করা যেত; কিন্তু তা না করে ছাত্রদল তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত এই ক্যাম্পাসে বিতর্কিত ব্যানার টানানোর প্রতিবাদ করায় তাদের সহ-সভাপতিকে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করা হবে। এ ছাড়া ঘটনার সঠিক তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
