বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও স্থানীয় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের তীব্র দাবি জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ উদ্বেগ প্রকাশ করে লেখেন, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে তা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে এবং দলীয়করণের পথ উন্মুক্ত করবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে; কোনো প্রকার স্থানীয় প্রভাব কিংবা রাজনৈতিক বিবেচনায় নয়। শিক্ষার গুণগত মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখতে এই আত্মঘাতী সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে।
উল্লেখ্য, দেশের বেসরকারি স্কুল-কলেজে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতেই ন্যস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে এখন থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আর কোনো ধরনের সুপারিশ করার ক্ষমতা রাখবে না।
গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এই বিতর্কিত সিদ্ধান্তটি গৃহীত হয়। ওই সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







