পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী ১২ আগস্ট বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই; দিনটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে পৃথক নোটিশের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবার ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
‘আখেরি চাহার সোম্বা’ শব্দটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।
দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।
