প্রয়াত প্রখ্যাত আলেম ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর পুত্র এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবার স্মৃতির প্রতি উৎসর্গ করে এই স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে মাসুদ সাঈদী বাবার স্মৃতিচারণ করে অত্যন্ত আবেগপ্রবণ ভাষায় লেখেন, “তুমি আছো হৃদয়ের কোন গহীনে, পথ চেয়ে থাকি প্রতিদিন প্রতিক্ষণে। কখনো বা বাতাসে তোমার সুবাস পাই, তুমি ছাড়া এ জীবনে আর কিছু নাই।” বাবার প্রতি চিরন্তন ভালোবাসা ও শূন্যতার এই অনুভূতি ফুটে উঠেছে তাঁর এই বাক্যে।
আবেগঘন কবিতার পরপরই স্ট্যাটাসে তিনি সন্তানের জন্য মা-বাবার প্রতি একটি বিশেষ কোরআন নির্দেশিত আরবি দোয়া যোগ করেন। তিনি লেখেন—‘رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيرًا’ [রব্বির হামহুমা কামা রব্বায়ানী সাগীরা]। বাংলা অনুবাদসহ উল্লেখ করা এই দোয়ার অর্থ, ‘হে আমার রব, তাঁদের প্রতি দয়া করুন, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’
বাবার প্রতি ছেলের এই নিখাদ ভালোবাসা ও দোয়ার বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই মুহূর্তের মধ্যে নজর কাড়ে শুভাকাঙ্ক্ষীদের। ফেসবুক ব্যবহারকারী ও তাঁর অনুসারীদের মধ্যে এই পোস্টটি ব্যাপক সাড়া ফেলে এবং অনেকেই আল্লামা সাঈদীর রুহের মাগফিরাত কামনা করে কমেন্ট ও শেয়ার করতে থাকেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশ্বখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে পিরোজপুর সদরে তাঁর নিজ হাত গড়ে তোলা আল্লামা সাঈদী ফাউন্ডেশন চত্বরে তাঁকে পূর্ণ ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।







