দেশের শিল্পকারখানায় চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সংকট পুরোপুরি কাটাতে প্রয়োজনীয় গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামো গড়ে তুলতে হবে। এসব অবকাঠামো নির্মাণ শেষ হলে আগামী দুই বছরের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আগের বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের গ্যাস সংকট মোকাবিলায় আমদানি ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, এই সময়টি শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রচলিত ব্যবস্থার পাশাপাশি জরুরি ভিত্তিতে বিকল্প কোনো উপায়ে সংকট মোকাবিলা করা যায় কি না, সে বিষয়েও সরকার কাজ করছে।
এ প্রসঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে এলএনজি এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে সরবরাহ বাড়ানোর একটি সম্ভাব্য উদ্যোগের কথাও জানান তিনি।
কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
