গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন নিশ্চিত করার লক্ষ্যে মোংলা বন্দরের আকরাম পয়েন্টে একটি ভাসমান ‘এলএনজি’ (LNG) স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সমুদ্র ও নদীপথে ২৩ কিলোমিটার পাইপলাইন বসিয়ে প্রক্রিয়াজাতকৃত গ্যাস মূল ভূখণ্ডের জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, রাষ্ট্রব্যবস্থাপনার আমূল পরিবর্তন আনা এবং জনগণের কাছে দায়বদ্ধ থেকে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির মূল রাজনীতি।
তিনি জানান, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া মোংলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ আগামী অক্টোবর মাসেই শুরু হবে। এতে করে এই অঞ্চলের অন্তত ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মোংলা বন্দরকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আকরাম পয়েন্টের এলএনজি স্টেশন থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস এনে মোংলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। চট্টগ্রাম বন্দরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে নতুন জেটি নির্মাণ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং মোংলাকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
