যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৭ জন যাত্রী অবশেষে দেশে ফিরেছেন। বোয়িং উড়োজাহাজটি নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পর বিকল্প আরেকটি উড়োজাহাজে করে নিরাপদে ঢাকায় পৌঁছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিজি-৩৭২ নম্বরের ফ্লাইটটির গত রোববার বিকেল ৪টায় উড্ডয়ন করার কথা ছিল। তবে যাত্রীদের নিয়ে টার্মিনাল থেকে রানওয়ের দিকে যাত্রা শুরু করার পরপরই উড়োজাহাজটিতে আকস্মিক কারিগরি ত্রুটি ধরা পড়ে।
নিরাপত্তার স্বার্থে ক্রু ও পাইলটদের সিদ্ধান্তে উড়োজাহাজটিকে পুনরায় টার্মিনালে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ত্রুটি সারিয়ে তোলার চেষ্টা করা হলেও মেরামতে কতটা সময় লাগতে পারে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
আটকে পড়া যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজারের তত্ত্বাবধানে বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ সুবিধা এবং সাধারণ যাত্রীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
পরবর্তীতে আটকে পড়া ১২৭ জন যাত্রীকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিমানের একটি বিশেষ ও বড় উড়োজাহাজ নেপালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাতে কাঠমান্ডু পৌঁছে বিকল্প এই উড়োজাহাজটি সব যাত্রীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।







