যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে চুক্তি বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে কঠোর আল্টিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে ইরান তার বিদ্যমান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বের হয়ে ‘পুরোপুরি আক্রমণাত্মক’ নীতি গ্রহণ করবে বলে জানা গেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই নীতিগত পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে চূড়ান্তভাবে মাত্র কয়েক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হবে।
নির্ধারিত সময়সীমার মধ্যে কূটনৈতিক সমঝোতায় দৃশ্যমান অগ্রগতি না হলে ইরান তার পরবর্তী কড়া সামরিক ও প্রশাসনিক পদক্ষেপ বাস্তবায়নের দিকে অগ্রসর হবে। কূটনীতি ব্যর্থ হলে হরমুজ প্রণালীসহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ ও উত্তেজনা ছড়িয়ে দিতে ইরানের সব পক্ষ পুরোপুরি প্রস্তুত রয়েছে।
একই সঙ্গে ওই কর্মকর্তা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নৌ অবরোধ ইরান আর অনির্দিষ্টকালের জন্য নীরব থেকে মেনে নেবে না। কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান না হলে সামরিক বলপ্রয়োগের মাধ্যমে হলেও অবরোধ ভেঙে ফেলার মতো কঠিন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে।
