আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে ব্যাপক আলোচনায় আসা সাবেক তাজিক কমান্ডার জুমা খান ফাতেহ তালেবানের সেনাপ্রধানের কাছে আত্মসমর্পণ করেছেন।
বাদাখশানের স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে আফগানিস্তান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে, জুমা খান ফাতেহ তাঁর সামরিক অবস্থান ত্যাগ করে নুসাই জেলা কেন্দ্রে তালেবান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
ঘটনাটি নিশ্চিত করে বাদাখশানে তালেবানের তথ্য ও সংস্কৃতি অধিদপ্তর জানিয়েছে, জুমা খান ফাতেহের আত্মসমর্পণের মধ্য দিয়ে বাদাখশান অঞ্চলের সাম্প্রতিক সশস্ত্র উত্তেজনার অবসান ঘটেছে।
আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাত গত চার দিন ধরে নুসাই জেলায় অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ও উত্তেজনা নিরসনের চেষ্টা চালান। আলোচনার ফলশ্রুতিতে আত্মসমর্পণ সম্পন্ন হলে ফাতেহকে হেলিকপ্টারে করে নুসাই থেকে পার্শ্ববর্তী দারওয়াজ জেলায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, জুমা খান ফাতেহ ও তাঁর অনুগত সশস্ত্র যোদ্ধারা বিগত এক সপ্তাহ ধরে বাদাখশানের নুসাই এবং এর আশপাশের এলাকায় তালেবান বাহিনীর বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংঘর্ষে লিপ্ত ছিলেন।
