চুয়াডাঙ্গার দর্শনায় সৌদি প্রবাসী স্বামী সফর উদ্দিনের (৪০) মৃত্যুর খবর সইতে না পেরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্ত্রী ববিতা খাতুনও (৩৫)। দাম্পত্য জীবনের এই করুণ পরিণতিতে মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী দুজনকেই হারালো পরিবারটি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সফর উদ্দিন। প্রবাসে স্বামীর মারাত্মক অসুস্থতার খবর পেয়ে দেশেই মানসিকভাবে প্রচণ্ড আঘাত পান স্ত্রী ববিতা এবং তিনিও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সংকটাপন্ন অবস্থায় তাঁকে দ্রুত ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৮ আগস্ট সৌদি আরবের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সফর উদ্দিন। এই শোকের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিকেলে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ববিতা খাতুনও মারা যান।
নিহত ববিতা খাতুন দর্শনা থানা মহিলা জামায়াতের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অল্প সময়ের ব্যবধানে বাবা-মা উভয়কে হারিয়ে এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।







