তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সৎ ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে নতুন এই পথচলায় দেশবাসীর কাছে দোয়া এবং গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।
শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ের কাজের পরিধি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর আগামী রোববার থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করবেন। নতুন পরিবেশ ও দায়িত্ব প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অফিসে কাজ শুরু করার পরই কাজের বাস্তব পরিধি এবং বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। সকলের সম্মিলিত সহযোগিতায় দেশকে সুশাসন উপহার দেওয়া সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
