ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঠিত ৫১ সদস্যের নতুন কমিটি থেকে ১৪ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেওয়া হয়। কমিটি অনুমোদনের মাত্র ১৬ দিনের মাথায় এই বিপুলসংখ্যক নেতার পদত্যাগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার উমর শরীফ। তিনি অভিযোগ করে বলেন, নবগঠিত উপজেলা কমিটিতে ‘ফ্যাসিস্টদের দোসর’ ও হত্যা মামলার আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া কমিটির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন স্বয়ং জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অবস্থায়ও এনসিপির পদ বাগিয়ে নিয়েছেন। জেলা ও কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী নেতাদের মধ্যে উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক এবং জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক ও জুলাই শহীদ হাফিজের স্ত্রী আকলিমা আখতার আঁখিও রয়েছেন।
তবে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করে উপজেলা এনসিপির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন জানান, পদত্যাগকারীদের ব্যক্তিগত কারণ থাকতে পারে, তবে তাঁর জানামতে কমিটিতে কোনো হত্যা মামলার আসামি বা জাতীয় পার্টির কেউ নেই। উল্লেখ্য, গত ৭ আগস্ট ময়মনসিংহ জেলা এনসিপি এই ফুলবাড়ীয়া উপজেলা কমিটি অনুমোদন দিয়েছিল।







