সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশের পর অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর বাতিল হওয়া নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। ২৩ আগস্ট তথ্য অধিদফতরের জারিকৃত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। এর ফলে পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে তার সংবাদ কার্যক্রম পরিচালনা করার পূর্ণ আইনি সুযোগ পেল।
এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার পোর্টালটির নিবন্ধন সাময়িকভাবে বাতিল করেছিল। পরবর্তীতে বাংলা এডিশন কর্তৃপক্ষ নিবন্ধন পুনর্বহালের জন্য নিয়ম অনুযায়ী আবেদন জানায়। আবেদনের দীর্ঘ পর্যালোচনা ও প্রক্রিয়া শেষে সরকার পুনরায় তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের চেতনা ও নানা সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল অনলাইন নিউজ পোর্টালটি। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, জুলাই শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিবন্ধন ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাংলা এডিশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সত্য ও ন্যায়ের পক্ষে নিজেদের বস্তুনিষ্ঠ অবস্থান অব্যাহত রাখবে। দেশের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকারের কথা তুলে ধরা এবং নির্ভীক ও সঠিক তথ্য প্রকাশ করাই হবে তাদের সাংবাদিকতার মূল লক্ষ্য।
