জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে দলীয় সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন আত্মগোপনে গেলে তার রায়কালী গ্রামের চার শতক জমির ওপর নির্মিত দোতলা বাড়িটি অভিযুক্ত বিএনপি নেতা দখলে নেন বলে অভিযোগ করেন বেলালের স্ত্রী শাহনাজ বেগম।
তবে দখলদারত্বের অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বাবু দাবি করেছেন, বাড়িটি যে জমির ওপর নির্মিত তা মূলত তাদের পৈতৃক সম্পত্তি এবং বেলাল হোসেন জমিটি অবৈধভাবে দখল করে ঘর তুলেছিলেন। পরবর্তীতে পৈতৃক জায়গা হিসেবেই সেটি তারা পুনরুদ্ধার করেছেন বলে জানান তিনি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় ভাবমূর্তি রক্ষায় বিএনপি তাকে ঘর ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময়সীমা দিলেও তা অমান্য করায় বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা জানান, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা জানান, বাড়ি দখলের অভিযোগ পাওয়ার পর তা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই বজলুর রহমানকে। তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক যোগাযোগের পর থানায় আলোচনা করার কথা থাকলেও অভিযুক্ত মিজানুর রহমান আর আসেননি। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
