নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯’-এর অধীনে দেশে সম্পূর্ণ তৈরি অবস্থায় ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। আগের আমদানিনীতিতে (২০২১-২০২৪) সিবিইউ বা সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা ছিল।
নতুন নীতি কার্যকর হলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার বাইক সরাসরি বাংলাদেশে আমদানির সুযোগ বাড়লেও দেশীয় উৎপাদনকারী খাত প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসা সহজীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রক্ষায় নতুন নীতিতে বেশ কিছু নতুন দিক যুক্ত করা হয়েছে। এখন থেকে ব্যাংক ঋণের চিঠি (এলসি) ছাড়াও মূল্যসীমা ছাড়া সরাসরি ক্রয়-বিক্রয় চুক্তির (সেলস/পারচেজ কন্ট্রাক্ট) মাধ্যমে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ পণ্য আমদানি করতে পারবে। পাশাপাশি মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড ওয়ারহাউস স্থাপনের নতুন বিধানও রাখা হয়েছে।
এছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশীয় শিল্পে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ আমদানি সুবিধা দেওয়ার পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানির পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে। পূর্ববর্তী নীতিতে এলসি ছাড়া বাণিজ্য পরিচালনায় বিভিন্ন শর্ত ও সীমারেখা নির্ধারিত থাকলেও নতুন নীতিতে তা শিথিল করে বাণিজ্য প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
