শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন— নিউজ টুয়েন্টিফোর ও জাগো নিউজের বিধান মজুমদার অনি, দ্য ডেইলি স্টারের জাহিদ হাসান রনি এবং দৈনিক এদিনের বরকত উল্লাহ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি লিখিত নোটিশ ছাড়া প্রেসক্লাবের সীমানা প্রাচীর ভেঙে ফেলায় জেলা প্রশাসকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন স্থানীয় সাংবাদিকরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বিএনপির কিছু নেতাকর্মী সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। সেখানকার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মুঠোফোন ছিনিয়ে নিয়ে ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা এবং শরীয়তপুর জেলা প্রেসক্লাব তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত যুবদল নেতা আরিফুজ্জামান মোল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি উল্টো সাংবাদিকদের ওপর চড়াও হন এবং দেখে নেওয়ার হুমকি দেন। অন্যদিকে স্বেচ্ছাসেবক দল নেতা ও জেলা বিএনপির প্রতিনিধি হামলার দায় অস্বীকার করে সাফাই গাওয়ার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন জানান, গণমাধ্যমের মাধ্যমে তারা ঘটনার খবর পেয়েছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
