রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি মির্জা ফখরুল ইসলামকে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দেশের বিচারব্যবস্থার বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার সার্বিক পরিবেশ এবং বর্তমানে সুপ্রিম কোর্টসহ বিচারালয়গুলোতে বিদ্যমান নানা চ্যালেঞ্জের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
তিনি জানান, প্রতিনিয়ত যে পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়ে বহু গুণ বেশি নতুন মামলা দায়ের হওয়ায় মামলা জট দিন দিন প্রকট রূপ ধারণ করছে। এই অতিরিক্ত মামলা জট ছাড়াও প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রপতি বিচারিক প্রক্রিয়া আরও গতিশীল করতে এবং মামলার জট কমাতে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থাকে আরও সম্প্রসারিত ও কার্যকর করার ওপর জোর দেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশাস্বস্ত করেন তিনি।
